বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকাসহ ৯টি জেলায় ২০ দলের অবরোধের মধ্যে হরতাল চলছে।
হরতাল চলছে ঢাকা ছাড়ও ৮টি জেলা: গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ।
লাগাতার অবরোধের মধ্যে হরতালের রাজধানীতে গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে।
পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসীন রেজা সাংবাদিকদের বলেন, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২০৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ভোর ৬টা থেকেই তারা টহল শুরু করেছেন।
এদিকে, রাজধানীর সড়কগুলোতে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস, প্রাইভেটকার ও অটোরিকশা চলছে, যদিও আগের দিনের তুলনায় সংখ্যায় কিছুটা কম।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তালাবন্ধ কার্যালয়ের আশপাশে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।
উল্লেখ্য, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হতাহত করাসহ নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
আর গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় মির্জা ফখরুলকে আদালতের মাধ্যমে ২৭ জানুয়ারি ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, কুমিল্লা ও রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে ২০ দলের ডাকা হরতাল।
এদিকে, টানা অবরোধ ও হরতালের নামে সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
নারায়ণগঞ্জের মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করে বন্দর থানা আওয়ামী লীগ। এসময় বক্তারা অবরোধ ও হরতালের নামে পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ পুড়িয়ে মারার তীব্র নিন্দা জানান।
নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। অবরোধে নাশকতার প্রতিবাদে ও তা বন্ধের দাবিতে মিছিল করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ।
এছাড়া, রাজনীতির নামে সন্ত্রাস ও এর নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কিশোরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয় সাভারসহ দেশের বিভিন্ন জেলায়।