আগামী সোমবার থেকে বিএনপির অরাজনৈতিক এ সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বন্ধ করবে তা না হলে বাংলার জনগণের আদালতে তাদের বিচার হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ১৪ দল আয়োজিত বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতালে সারাদেশে সহিংসতায় নিহতদের জন্য গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় আওয়ামী লীগ নেতা মো. নাসিম বলেন, ২ ফেব্রুয়ারির পর জনগণই অবরোধ প্রতিরোধ করবে।
তিনি বলেন, ‘সকল সাংসদ, মন্ত্রী এবং দলের নেতাকর্মীদের আহ্বান জানাবো পরীক্ষা কেন্দ্রের আশপাশে থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা হয় তারজন্য প্রশাসনকে সাহায্য করবেন। আপনাদের কাজ হলো ঘরে ঘরে, মহল্লায়-মহল্লায় এ খুনি ও বোমাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
সারাদেশে এ জানাজা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও ১৪ দলের নেতাকর্মীরা এতে অংশ নেন। এসময় বিশেষ মোনাজাত করা হয়।
গত ৬ জানুয়ারি থেকে অবরোধের নামে সারাদেশে ২০ দলের নাশকতায় কমপক্ষে ২৯ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে গায়েবানা জানাজার আয়োজন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
জানাজায় অংশ নিতে দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা ভিড় করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গন ও এর আশপাশের এলাকায়। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এসময় তারা রাজনৈতিক সহিংসতায় নিহতদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি অবরোধ প্রত্যাহার করতে ২০ দলীয় জোটের প্রতি আহ্বান জানান।
এছাড়া বরিশাল, খুলনা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।