আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতার দ্বন্দ্বের মাশুল দিতে গিয়ে গোটা দেশ আজ সহিংসতা-নাশকতার শিকার হচ্ছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতারা।
শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান সহিংসতা ও সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ করেছে সিপিবি ও বাসদ।
সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বক্তব্য দেন।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল বাম দলগুলোর সমন্বয়ে জাতীয় শক্তির উত্থান ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয়।
নেতারা বলেন, বিরাজমান রাজনৈতিক সংকটের জন্য আওয়ামী লীগ ও বিএনপির ক্ষমতা দ্বন্দ্বকে দায়ী করেন।
সিপিবি-বাসদের অভিযোগ, ক্ষমতায় থাক বা না থাক, আওয়ামী লীগ ও বিএনপি একে অপরের ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়নে তৎপর।
সংকট সমাধানে, আওয়ামী লীগ - বিএনপি'র বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বাম-প্রগতিশীল শক্তির ঐকবদ্ধ জোট গঠনের ওপর ও সময় জোড় দেন তারা।
সমাবেশ শেষে একটি মিছিল করে সিপিবি-বাসদের নেতা-কমীরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে পল্টনে বাংলাদেশের কমিউনিস্টি পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।