বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে শুধু বিদ্যৎ নয়, সব ধরনের ইউটিলিটির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পক্ষে মত দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী হর্কাস লীগের মানববন্ধনে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার কাছে পুত্র বড় কথা নয় বরং মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়াই বড় কথা। পুত্র হত্যার পরও তিনি মানুষ হত্যা অব্যাহত রেখেছেন। অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কারার জন্য অনুরোধ করছি সরকারের কাছে।’
এসএসসি শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেয়ার স্বর্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্যে থেকে মুক্তি দিতে বিএনপি'র প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগের এ নেতা।
অবরোধ-হরতালের নামে সহিংসতার জন্য খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হোক— এ কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেয়া হোক, কেননা এটা এখন সময়ের গণদাবিতে পরিণত হয়েছে।