লাগাতার অবরোধের মধ্যে রোববার ভোর ৬ থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালের রাজধানীর জনজীবনে তেমন কোনো প্রভাব না পড়লেও দুর পাল্লার গাড়ি কম চলাচল করছে। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা। সদরঘাট থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ।
এদিকে, ব্রহ্মণবাড়ীয়া শহরের রেলগেট এলাকায় সুবর্ণ এক্সপ্রেসকে লক্ষ করে ২টি ককটেল ছোড়ে ২০ দলীয় নেতাকর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বেধে যায়।
ফেনী শহরে ট্রাংক রোড ও তাকিয়া রোডে এলাকায় ঝটিকা মিছিল থেকে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে ২০ দলীয় নেতাকর্মীরা। সেখানে পণ্য উঠানামা করার সময় তারা আরো ৩টি ট্রাকে আগুন দেয়া হয়। কুমিল্লার বুড়িচং সৈয়দপুর এলাকায় ২টি যাত্রিবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দারবাড়ী এলাকায় একটি ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এ সময় তারা একটি গাড়ি ভাঙচুর করে।
দিনাজপুরের বালুয়াডাঙ্গায় একটি বিক্ষোভ মিছিল থেকে ২টি ট্রাক ভাঙচুর করে জামাত কর্মীরা। এছাড়া সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাসে ককটেল হামলার সময় ককটেলসহ ৩ জন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে।
এছাড়াও নাশকতার আশঙ্কায় খুলনা, দিনাজপুর,পিরোজপুর, ময়মনসিংহ, মাগুরাসহ সারাদেশে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগসহ নানা নাশকতার মধ্য দিয়ে খুলনা, নরসিংদী, বরিশাল, রংপুর, নাটোর, দিনাজপুরসহ সারাদেশে হরতাল পালন করছে ২০ দলীয় জোট।
এদিকে, শনিবার রাতে সিরাজগঞ্জের কড্ডা সড়কে সিএনজি চালিত অটোরিক্সায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় একজন নিহত হওয়ার ঘটনায় সদর থানায় বিএনপি-জামাতের ১১৫ জনসহ অজ্ঞাতনামা দেড়শ জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।
রাতে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় একটি মালবাহী ট্রাকে ইট নিক্ষেপ করে অবরোধকারীরা। পরে ট্রাকটি লক্ষ করে বোমা হামলা করলে চালক আহত হয়।