বিএনপি নেতৃত্বাধীন ২০ দলে অবরোধ ও টানা ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে নাশকতায় চট্টগ্রামে ট্রেন লাইনচ্যুত হওয়ার বন্দরনগরীর সঙ্গে সারাদেশের সঙ্গে ১১ ঘণ্টা বন্ধের পর যোগাযোগ শুরু হয়েছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে মিরসরাইয়ের বড় তাকিয়া এলাকায় রেল লাইন থেকে ময়মনসিংহ এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে একটি লাইন চলাচলের উপযোগী করা হয়।
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা কিছুক্ষণের মধ্যে ওই এলাকা পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার নিশ্চিত করেছেন।
রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায় সোমবার মধ্য রাত সাড়ে ৩টার দিকে বড় তাকিয়া এলাকায় লাইনচ্যুত হয় ময়মনসিংহ এক্সপ্রেস।
লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি পাশের লাইনের ওপর কাত হয়ে পড়ায় দুটি রেল লাইনই আটকে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এতে ট্রেনের চালকসহ ৫ জন আহত হন। ঢাকা-সিলেটের সঙ্গে চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকালে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রেলাইনে নাশকতার এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। বিকেলের আগেই ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোজাম্মেল হক আশা করেন।
এ ঘটনা তদন্তে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।