নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেপ্তারের প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে ছাত্রশিবির।
শুক্রবার ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান এক বিবৃতিতে হরতালের ঘোষণা দেয় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার মুক্তির আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে নৃশংসতা ও অমানবিকতার পথ বেছে নিয়েছে অবৈধ সরকার। আন্দোলন শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লেলিয়ে দিয়ে নেতাকর্মীদের বাসা থেকে ধরে নিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। অনেককে গ্রেপ্তারের পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।
অভিযোগ করা হয়, চলমান আন্দোলনে এক মাসে চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, রাজশাহী ও কুমিল্লায় ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয় এবং শতাধিক নেতাকর্মীকে ধরে নিয়ে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করেছে রাষ্ট্রীয় বাহিনী।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দুই জন নেতাকর্মীকে হত্যা ও ১৪ জনকে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়েছে আর চলছে নির্বিচারে গণগ্রেপ্তার বলেও জানানো হয় বিবৃতিতে।