সরকার কার্যকর সংলাপের উদ্যোগ এবং মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করলেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।
শুক্রবার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার না-কি মুক্ত সেই ব্যাখ্যাও সরকারের কাছে চাই।
বৃহস্পতিবার রাত থেকেই কার্যালয়ের সামনে রাখা হয়েছে রেজিস্ট্রার খাতা। ভেতরে প্রবেশ করতে হলে সবাইকে নাম-ঠিকানা লিপিবদ্ধ করতে হচ্ছে। নিরাপত্তাজনিত কারণেই রেজিস্ট্রার খাতা রাখা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
উল্লেখ্য, প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে কার্যালয়ে এখন বিদ্যুৎ সংযোগ থাকলেও নেই ডিস ও ইন্টারনেট সংযোগ। আর ওই এলাকার মোবাইল নেটওয়ার্কও বিঘ্নিত।
এদিকে, ২০ দলীয় জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে অভিযোগ করা হয়েছে সারাদেশে ১৭ হাজারেরও বেশি নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
বিবৃতিতে প্রশাসনের গণবিরোধী কর্মকর্তাদের বিরুদ্ধে ভবিষ্যতে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।