লাগাতার অবরোধের মধ্যেই সারাদেশে সোমবার ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিন চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
নাশকতার আশঙ্কায় রাজধানী, খুলনা, নাটোর, ময়মনসিংহ, সাতক্ষীরা ও দিনাজপুরে প্রায় দেড় শতাধিক জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, হরতাল চলাকালে মুন্সীগঞ্জের পৃথক দুটি স্থানে বাস ও পাঠ্যপুস্তক বহনকারী একটি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।
তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পাবনার খয়েরসূতিতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। টানা অবরোধ ও হরতালের দ্বিতীয় দিনে সোমবার ভোরে পাবনায় একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে তারা।
পুলিশ জানায়, সোমবার ভোর ৪টার দিকে সদর উপজেলার খয়েরসূতি গ্রামে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আগুনে ট্রাকের ইঞ্জিন ও সিট পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।
এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অবরোধ- হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীরা।