বিএনপির সঙ্গে যারা সংলাপের কথা বলছেন তাদের পাগল ও জ্ঞানপাপী বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের নেতারা। রাজধানীর বিভিন্ন যায়গায় ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে তারা এ মন্তব্য করেন।
ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি হরতাল-অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পেট্রোলবোমা হামলাকারীদের সরকার নির্মূল করবে।
তিনি বলেন, ‘যারা সংলাপের কথা বলছেন তাদেরকে বলেছি সংলাপের দোহাই দিয়ে বিএনপি-জামাতের মানুষ হত্যা এ নাশকতা কর্মকাণ্ডকে আড়াল করা চেষ্টা না করার জন্য।’
আর চলমান সংকট থেকে উত্তরণে নতুন আইন আদালতের পাশাপাশি প্রশিক্ষিত বাহিনী তৈরির পরামর্শ দিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।
চলমান সহিংসতার জন্য বিএনপিকে দায়ী করেন নেতারা—বিএনপির সঙ্গে যেকোনো ধরনের সংলাপ আয়োজনের কথা নাকচ করে দেন।
এদিকে, বঙ্গবুন্ধু এভিনিউয়ে আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংলাপ আহ্বানকারীদের সমালোচনা করেন।
জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আরেক মানববন্ধনেও একই কথা বলেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
অন্য আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত চলমান নাশকতা বন্ধে নতুন আইন করার পরামর্শ দেন।