লাগাতার অবরোধের মধ্যেই সারাদেশে মঙ্গলবার ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিন পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। নাশকতার আশঙ্কায় রাজধানীসহ সারাদেশ থেকে ১১৯ জন বিএনপি-জামাতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
নাটোর:
এদিকে, হরতাল চলাকালে ভোরে নাটোরের গুরুদাসপুরে একটি ট্রাকে পেট্রোলবোমা দিয়ে আগুন দিয়েছে হরতাল সমর্থনকরা। ময়মনসিংহের একটি বাসেও পেট্রোলবোমা নিক্ষেপ করেছে তারা। এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
যশোর:
এছাড়া যশোর-খুলনা মহাসড়কের ভাঙ্গাগেট এলাকার একটি স'মিল থেকে ৩টি পেট্রোলবোমা ও ৩টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর:
মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট সংলগ্ন মহাসড়কের পাশ থেকে ২টি পেট্রোলবোমা ও ২টি পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করেছে পুলশ। দুস্কৃতিকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের বাখরেরকান্দি থেকে মঙ্গলবার ভোরে ২টি পেট্রোলবোমা ও ৩ লিটার পেট্রোল উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। দুর্বৃত্তরা মহাসড়কের দুটি পেট্রোল বোমা বিস্ফোরিত করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে দুস্কৃতীকারীদের ধরিয়ে দিতে মাদারীপুর পুলিশ সুপার ও শিবচর থানার ওসি ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
জানা যায়, ভোরে কাওড়াকান্দি ঘাট সংলগ্ন জেলার শিবচরের বাখরেরকান্দি এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুটি পেট্রোলবোমার বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে দায়িত্বরত এসআই সমীর কুমার, শাজাহান মিয়ার নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের পাশের একটি কলাবাগান থেকে ২টি পেট্রোল ও ২টি বোতলে ৩ লিটার পেট্রোল উদ্ধার করেছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
নাশকতা সৃষ্টির আশংকায় যশোরে জামায়াত-বিএনপির ৮ জনসহ মোট ৬২ জনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী:
রাজশাহীতে বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে, গ্লাস ভেঙে আহত হয়েছেন ৩ যাত্রী।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ঢাকাগামী বাসে সোমবার রাতে পেট্রলবোমা নিক্ষেপ করেছে জামাত-শিবির ক্যাডাররা। বোমাটি বিস্ফোরিত না হলেও ভাঙা কাচের আঘাতে তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা। সদরঘাট থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ। যাত্রী কম থাকায় কিছুক্ষণ পর পর রাজধানী থেকে ছাড়া হচ্ছে দূরপাল্লার বাস। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়া সারাদেশে বিক্ষিপ্তভাবে নাশকতার মধ্যে দিয়ে চলছে ২০ দলের হরতাল- অবরোধ।