ক্ষমতার জন্য নয় বিএনপি-জামাত সংবিধান পরিবর্তনের জন্য আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার রাজধানীতে ২০ দলের হরতাল-অবরোধের প্রতিবাদে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।
নেতারা বলেন, আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের প্রতিরোধ করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, সাধারণ জনগণের ওপর প্রতিহিংসার আন্দোলন করছে ২০ দল।
নেতারা আরো বলেন, যতই আহবান করা হোক না কেন, পেট্রোল বোমায় মানুষ হত্যায় জড়িতদের সঙ্গে সংলাপে বসবে না সরকার।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশনে এক সম্মেলনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত।
চলমান সহিংসতা প্রতিরোধে তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের সচেষ্ট থাকার আহ্বান জানান।
এদিকে ২০ দলের ডাকা হরতাল- অবরোধের নামে নাশকতার প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের ২২টি সংগঠন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া পেট্রোল বোমায় মানুষ হত্যার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়াকে দায়ী করে বলেন, মানুষ হত্যার জন্য বিএনপি নেত্রীকে বিচারের মুখোমুখি করবে দেশের জনগণ।
মানববন্ধন শেষে হরতাল অবরোধ বিরোধী একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলের নেতাকর্মীরা।
মতিঝিলে আরেক মানববন্ধনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জাতীয় স্বার্থে বিএনপি-জামাতের নাশকতার বিরুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।