সংলাপ ও জাতীয় সনদের পরামর্শদাতাদের নাশকতা ও আগুন সন্ত্রাস বন্ধ করার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তদবির শুরু করতে অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার সকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জঙ্গিবাদ ও নাশকতার বন্ধ হওয়ার আগে কোনো সংলাপ হবে না বলেও এ সময় জানান মন্ত্রী।
এদিকে, দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ অভিযোগ করেন, সংলাপের কথা বলে নাগরিক সমাজের একাংশ খালেদা জিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়ালের চেষ্টা করছেন।
এছাড়া নাশকতাকারীদের সঙ্গে বিশ্বের কোথাও আলোচনার নজির নেই— উল্লেখ করে হাছান বলেন, আইন অনুযায়ীই চলমান নাশকতায় মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক মানববন্ধনে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, পেট্রোলবোমায় মানুষ হত্যার হিসাব-নিকাশ বিএনপির কাছ থেকে জনগণ আদায় করে নেবে।
মন্ত্রী বলেন, বিএনপি-জামাত জোটের সহিংসতার বিরুদ্ধে জনগণ যেভাবে জেগে ওঠছে তাতে বিএনপি নেত্রী খালেদা জিয়া জনরোষ থেকে রক্ষা পাবেন না।
শাজাহান খান আরো বলেন, সন্ত্রাসীদের নিয়ে দল পরিচালনাকারীদের সঙ্গে সংলাপে বসবে না সরকার।
এসময়, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপি'র প্রতি আহবানও জানান তিনি।