বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধ ও হরতালে চলছে। অবরোধের মধ্যে বেশ কয়েকবার হরতাল পালন করেছে তারা। বার বার হরতালের সময় বাড়ানোর জন্য পেছাতে হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
ময়মনসিংহ:
টানা অবরোধ ও হরতালে ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের ওপর হাতবোমা হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছেন অবরোধকারী এক যুবক।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, বুধবার ভোর ৪টার দিকে সদর উপজেলার মামুননগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশের এসআই মাসুদ জামালী ও পুলিশ সদস্য বাচ্চু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গুলিবিদ্ধ সোহাগ নামে ওই অবরোধকারী যুবক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছেন। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গৌরীপুরের ওসি আলী শেখ বলেন, বেশ কয়েকজন অবরোধকারী মামুননগর এলাকায় সড়ক অবরোধ করে যানবাহনে পেট্রোল বোমা ও হাতবোমা বোমা হামলার উদ্দেশ্যে অবস্থান নিয়েছে বলে ভোররাত ৪টার দিকে খবর পায় পুলিশ। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে উপস্থিতি টের পেয়ে হাতবোমা ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অবরোধকারীরা। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়লে সোহাগ গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায় বলে জানান গৌরীপুরের পুলিশ কর্মকর্তা আলী শেখ।
নাশকতার আশঙ্কায় রাজধানী, নড়াইল, যশোর ও গাজীপুর থেকে শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি জামাতের নেতাকর্মী।
এদিকে, রাজধানীসহ বেশিরভাগ জেলায়ই হরতালের কোনো প্রভাব পড়েনি। সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল করছে। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা।
ফেনী:
সকালে ফেনী শহরের দাউদপুর এলাকায় একটি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসায় আগুন দিয়েছে অবরোধকারীরা।
শরীয়তপুর:
মঙ্গলবার রাতে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শাওরা গ্রামে বোমা তৈরির সময় বিস্ফোরণে ২ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি।
ভোলা:
শহরের ওয়েস্টার্নপাড়া রিজার্ভ পুকুর পাড় এলাকা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ডাকা হরতাল চলাকালে মঙ্গলবার নোয়াখালী শহরে একটি প্রাইভেটকার ও একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাঙচুর করে তারা। নোয়াখালীতে প্রাইভেট কার-অটোরিকশায় আগুন দেয় তারা।
নোয়াখালী :
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মাইজদীর নতুন বাস স্ট্যান্ড এলাকায় মটর গ্যারেজ থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১১-৫১৭২) প্রধান সড়কে উঠামাত্র মুখোশধারী দুর্বৃত্তরা চালককে পিটিয়ে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে তারা কারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলের কাছাকাছি থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রায় একই সময়ে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম এলাকায় ৩/৪ জন দুর্বৃত্ত একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করে। এ সময় তারা বাইকটিতে আগুন দেওয়ার চেষ্টা করে তবে স্থানীয়রা এগিয়ে আসায় পালিয়ে যায় দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে শহরের দত্তেরহাট খাদ্য গুদামের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন দেয় কয়েকজন যুবক। স্থানীয়রা এসে আগুন নেভান।
নোয়াখালীর সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রাইভেট কারে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে অটোরিকশায় আগ্নিসংযোগ ও ইজিবাইক ভাংচুরের কোনো ঘটনা জানা নেই বলে জানান তিনি।
নাশকতাকারিদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে হেলিকপ্টারে করে লিফলেট বিতরণ করেছে র্যা ব।