হরতাল-অবরোধ বন্ধ না করলে অচিরেই ঢাকার সকল শিক্ষার্থী বিএনপি নেত্রী খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ১৪ দলের নেতারা। বৃহস্পতিবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
নেতারা বলেন, কর্যালয়ের দেয়ালের কাঁটাতারের বেড়া রক্ষা করতে পারবে না বিএনপি চেয়ারপারসনকে।
রাজধানীতে ভিন্ন ভিন্ন মানববন্ধনে তারা আরো বলেন, সারাদেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হবে।
বিশ দলের হরতাল-আবরোধের বিরুদ্ধে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগের ২২টি সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।
সেখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শিক্ষা জীবন ধ্বংস করে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে ক্ষমতায় যেতে দেবে না আওয়ামী লীগ। পেট্রোল বোমায় মানুষ হত্যার বিচার জনগণ করবে।
মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধনে ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যে কারণে নিজামী, কামারুজ্জামনের ফাঁসি দেয়া হয়েছে সেই একই অপরাধের দায়ে খালেদা জিয়ারও বিচার করবে সরকার।
জাতীয় প্রেসক্লাবের সামনে অপর এক মানবব্ন্ধনে আওয়ামী লীগের আরেক নেতা কামরুল ইসলাম বলেন, হরতাল অবরোধের নামে মানুষ হত্যায় জড়িতদের কঠোর হাতে দমন করবে আইনশৃঙ্খলা বাহিনী।
যারা সরকারকে সংলাপের আহ্বান জানাচ্ছেন তাদেরকে সমাজের ক্যান্সারের সঙ্গে তুলনা করেন আওয়ামী লীগের এ নেতা।