সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে (ক্রসফায়েরে) দেয়ার ব্যবস্থা করা হবে বলে— হুঁশিয়ার দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে স্বেচ্ছাসেবক লীগের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘যারা বলেন এনকাউন্টার মানবতাবিরোধী অপরাধ তাদের কাছে জিজ্ঞাসা, পেট্রোলবোমা দিয়ে মানুষ পোড়ানো কী মানবতাবিরোধী অপরাধ না?’
বিএনপি একটি জঙ্গি সংগঠন—এ কথা উল্লেখ করে শেখ সেলিম বলেন, অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের মতো তাদেরও বিচার করতে হবে।
এ সময় তিনি সাফ জানিয়ে দেন সহিংসতায় নিহতদের রক্তের ওপর পা রেখে বিএনপি-জামাতের সঙ্গে কোনো আলোচনা হবে না।
তিনি আরো বলেন, যেসব বুদ্ধিজীবী সংলাপের কথা বলে সহিংসতাকে উসকে দিচ্ছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, ‘সুশীল! সু অর্থ ভালো আর শীল অর্থ নাপিত। আপনাদের দিয়ে রাজনীতি হবে না। আপনারা ভালো কামাইতে পারেন।’
বিএনপির নেতারা আন্দোলনে যোগ না দিয়ে বিদেশে পালিয়ে আছেন উল্লেখ করে শেখ সেলিম বলেন, ‘বিএনপি নেতারা আন্দোলনে না থেকে বিদেশে পালিয়ে রয়েছে । কিন্তু খালেদা জিয়াকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না।’ যেসব সাংবাদিক সহিংসতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে ভিডিও ফুটেজ সংগ্রহ করেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।