সংলাপ হয় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে—সন্ত্রাসীদের সঙ্গে নয় জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন মিলনায়তনে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, দেশে এখন যা চলছে, তা কোনোভাবেই রাজনীতি নয়— এটা সন্ত্রাস অবরোধ-হরতালের নামে দেশে এখন মানুষ হত্যা করা হচ্ছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কখনোই সংলাপ বা আলোচনা হয় না সে কারণেই আমেরিকা কখনোই জঙ্গি সংগঠন আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে আলোচনা করে না। ৯/১১-এর মতো ঘটনার পরও আমেরিকা আল-কায়েদার সঙ্গে কোনো সংলাপ করেনি।
সুশীল সমাজের সংলাপের উদ্যোগের বিষয়ে তোফায়েল তাদের ‘হতাশাবাদী’ লোক বলে উল্লেখ করেন।
তিনি বলেন, কিছু বুদ্ধিজীবী, কিছু হতাশাবাদী লোক এখন আমাদের সন্ত্রাসীদের সঙ্গে- জঙ্গি কার্যক্রমের সঙ্গে জড়িতদের এককাতারে দাঁড় করিয়ে দিচ্ছে। তাদের সঙ্গে সংলাপে বসতে বলছে। যারা সন্ত্রাসীদের সঙ্গে সংলাপে বসার প্রস্তাব দেন, তারা সন্ত্রাসকে, নাশকতাকে, জঙ্গি তৎপরতাকেই প্রশয় দিচ্ছেন।’