বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি রোববার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাকা হয়েছে।
শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠা, গ্রেপ্তারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতা ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে এবং দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তার, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণ এবং খালেদা জিয়াকে অভুক্ত রেখে ‘হত্যার ষড়যন্ত্র’, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়েছে।