মামলার হাত থেকে বাঁচতে বিএনপি নেত্রী খালেদা জিয়া সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে যে চেষ্টা করছেন তা সফল হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা।
চলমান সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে –এ কথা উল্লেখ করে সেক্ষেত্রে খালেদা জিয়াসহ কেউই রেহাই পাবেন না বলে হুঁশিয়ার করে দেন নেতারা।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, যতোই ষড়যন্ত্র করা হোক না কেন? খালেদা জিয়ার অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনোই পূরণ হবে না।
এ সময় খুনিদের সঙ্গে কোনোভাবেই সরকার সংলাপে বসবে না জানিয়ে তিনি বলেন, নাশকতায় জড়িত সকলকেই বিচারের মুখোমুখি হতে হবে।
এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ হবে না, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
এদিকে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে চলমান সহিংসতার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, লন্ডনে তারেক রহমান এবং আইএসআইয়ের ষড়যন্ত্রের মাধ্যমেই সারাদেশে সহিংসতা চালাচ্ছে বিএনপি-জামাত।