বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। হরতালের পাশাপাশি অবরোধও চলবে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন খালেদা জিয়াকে বিভিন্ন কায়দায় হত্যার ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে নৌমন্ত্রী শাজাহান খান সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রকাশ্যে খালেদা জিয়ার আবাসস্থলের বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন কেটে দেয়ার এবং খাবার বন্ধ করে দেয়ার ঘোষণা দেন। তার প্রতিটি কথার বাস্তবায়ন করেছে সরকার। সেই মন্ত্রীর নেতৃত্বে গতকাল বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হামলা করার মহড়া দেয়া হয়েছে।
আরো বলা হয়, সারাদেশের মতো ‘আওয়ামী ষড়যন্ত্রের অংশ’ হিসেবে নিজেদের সমাবেশে নিজেরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এর দায় বিএনপি ও ২০-দলীয় জোটের ওপর চাপানোর অপচেষ্টা চলছে।
গত রোববার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ায় আগেই হরতাল বাড়ানোর ঘোষণা দেয়া হল।