বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল চলছে। বুধবার থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি বাড়ানো হয়েছে। হরতালের পাশাপাশি অবরোধও চলছে। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
গত রোববার সকাল থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। সেই ৭২ ঘণ্টা শেষ হওয়ায় আগেই হরতাল বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, দিনাজপুরে চিরিবন্দরে ছাত্রশিবিরের রাণীরবন্দরে থানা সভাপতি মতিয়ার রহমান মতিকে হত্যার প্রতিবাদে ও দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বুধবার ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে ছাত্রশিবির।
সকালে দিনাজপুর শহরের ষষ্টাতলা মোড় হতে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাহাদুরবাজারে এসে শেষ হয়।
গত শনিবার সন্ধ্যায় যৌথ বাহিনীর গুলিতে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যূ হয়।
এছাড়া আজ সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬ পর্যন্ত রংপুর বিভাগেও টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে ছাত্রশিবির।
এদিকে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভূমি অফিসে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে পুড়ে বেশকিছু নথিপত্র ও মূল্যবান আসবাবপত্র।
বেগমগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) খন্দকার মোহাম্মদ রিজাউল করিম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে চৌমুহনী-ফেনী সড়কের গোলাবাড়িয়া এলাকায় অবস্থিত উপজেলা ভূমি অফিসে অগ্নিকাণ্ডের খবর পান তারা। তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা সহ ঘটনাস্থল যান যান তিনি। মুহূর্তের মধ্যে আগুনে অফিসে রক্ষিত গুরুত্বপূর্ণ বেশকিছু নথিপত্র, একটি কম্পিউটার ও তিনিটি আলমিরাসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়।
অফিসের একটি জানালার কাচ ভাঙ্গা থাকায় বাইরে থেকে কেউ আগুন দিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলবাহিনী একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নাশকতা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্তে বেরিয়ে আসবে বলে জানান তিনি।
বেগমগঞ্জ থানার ওসি আইনুল হক বলেন, নাশকতা পরিকল্পনার অংশ হিসেবে ভূমি অফিসের ভাঙ্গা জানালা দিয়ে আগুণ দেয়া হয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়া রাজধানী ও তার আশপাশ থেকে বিএনপির ৯ জন এবং শিবিরে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গণমাধ্যম শাখা।