বিএনপি-জামাত জোটের দেশজুড়ে যে সহিংসতা তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিএনপি-জামাত জোটের টানা অবরোধ আর দফায় দফায় হরতালের নামে সহিংসতার প্রতিবাদে গণমিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ।
এ গণমিছিল উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশের শত্রু ভিতরেও না বাইরেও রয়েছে— এ সন্ত্রাসবাদ মোকাবেলায় পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশের সমর্থন পাবে বাংলাদেশ।
আ’লীগের এ সাধারণ সম্পাদক আরো বলেন, যেভাবে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে তা রুখতে না পারলে মানব সভ্যতা বিপন্ন হবে। এ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ গণতান্ত্রিক সব দেশকে পাশে পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেভাবে সন্ত্রাস চলছে বাংলাদেশের বিএনপি-জামাতের সন্ত্রাস একই সূত্রে গাঁথা। এটি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অংশ বলেও অভিযোগ করেন তিনি।
সমাবেশ শেষে বের হয় মুক্তিযোদ্ধা সংসদের গণমিছিল। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।