চলমান সন্ত্রাস-নাশকতা বন্ধ না করলে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলটির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গওহর রিজভী আরও জানান, নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলটিকে বলেছে, নির্বাচনের সময় হলে নির্বাচনপদ্ধতি এবং নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা যাবে। তবে সে আলোচনা গণতান্ত্রিক পন্থা অনুযায়ী এবং সংবিধানসম্মত হতে হবে। আর এই মুহূর্তে সন্ত্রাস ও সহিংসতা বন্ধ করা ছাড়া অন্য কিছু চিন্তা করা যাবে না বলেও প্রতিনিধিদলকে জানানো হয়।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিএনপি সংলাপ চাইলেও চলমান নাশকতা বন্ধ না হলে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে ইউরোপের সফররত প্রতিনিধি দলকে জানান আওয়ামী লীগ।
দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি নেতৃত্বাধীন ২০ দল মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি লাগাতার অবরোধ ডেকেছে, যাতে নাশকতায় এই পর্যন্ত প্রায় ১০০ মানুষ মারা গেছেন।
অবরোধ-হরতালে নাশকতার জন্য বিএনপি জোট তথা সরাসরি খালেদা জিয়াকে দায়ী করে তার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দল ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলকেও তাই জানানো হয়েছে।
বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে গওহর রিজভীর সঙ্গে ছিলেন মসিউর রহমান, এইচ টি ইমাম, এম জমির, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, ফারুক খান, আবদুস সোজহান গোলাপ ও অসীম কুমার উকিল।
ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কেউ কোনো কথা সাংবাদিকদের বলেননি।
গত মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির তিন সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির উপপ্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। অন্য সদস্যরা হচ্ছেন ক্যারল ক্রাসকি (পোল্যান্ড) ও ইয়োসেফ ভেইডেনহোলজার (অস্ট্রিয়া)। ওইদিন সন্ধ্যায় তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।
বিএনপির সূত্র জানা গেছে, বৈঠকে বিএনপির পক্ষ থেকে গুম-খুনের একটি তালিকা প্রতিনিধিদলকে দেয়া হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছে।
তবে সেদিনের বৈঠকের বিষয়ে ওই প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।