বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে ‘আসল বিএনপি’।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক ‘ব্যতিক্রমী’ অনুষ্ঠানে সালামকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন ‘আসল বিএনপির’ মুখপাত্র কামরুল হাসান নাসিম।
আগামী ২৭ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পদত্যাগের দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে ‘আসল বিএনপি’।
ওই অনুষ্ঠানে কামরুল হাসান নাসিম ও আবদুস সালামের কথোপকথনের একটি অডিও সিডি বাজানো হয়। পরে ওই অডিও সিডি সাংবাদিকদের সরবরাহ করা হয়। তবে আবদুস সালাম ওই ফোনালাপের কথা অস্বীকার করেছেন।
কামরুল হাসান নাসিম বলেন, ‘আসল বিএনপির’ মহাসচিব হিসেবে সম্ভবত আবদুস সালাম দায়িত্ব পালন করবেন। তবে এ বিষয়টি আগামী কাউন্সিলে নির্ধারণ করা হবে। আজকের অনুষ্ঠানে আবদুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম উল্লেখ করে দাবি করা হয়। তারা ‘আসল বিএনপির’ সঙ্গে আছেন।
এদিকে, ‘আসল বিএনপির’ ডিএসসিসির মেয়র প্রার্থী হিসেবে ঘোষণাকে ভুয়া বলে দাবি করেছেন আবদুস সালাম। তিনি বলেন, ‘কে ওই নাসিম? সে একটা ভুয়া লোক।
দেশের বর্তমান ক্রাইসিস সময়ে সরকারের কাছ থেকে টাকা খেয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে অনেকেই সুযোগ খোঁজে। ডিসিসিতে কে প্রার্থী হবে, তার নির্দেশনা দেবেন খালেদা জিয়া। অন্য কেউ নয়। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলেও জানান আবদুস সালাম।