বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে দলটির নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন সংলাপের মাধ্যমেই চলমান রাজনৈতিক সংকটের নিরসন হবে।
শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকারের দমন-পীড়ন ও কূটকৌশলের রাজনীতির কারণেই দলের চেয়ারপারসনসহ জ্যেষ্ঠ অনেক নেতাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসতে পারেননি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জড়ো হন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য কিংবা জ্যেষ্ঠ কোনো নেতাকে দেখা যায়নি।
সকাল পৌনে ৭টার দিকে দলের নেতা-কর্মীরা র্যা লি নিয়ে আজিমপুর কবরস্থানে গিয়ে শহীদদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখান থেকে শহীদ মিনারে গিয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী জানান, শান্তিপূর্ণ উপায়েই সংকটের সমাধান চায় বিএনপি।