বিএনপি-জামাতের পেট্রোলবোমায় মানুষ পুড়িয়ে মারাকে, বাঙালির ভাষা, স্বাধীনতা আর অস্তিত্বের ওপর আঘাত বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনার সভায় তিনি এ কথা বলেন।
আঘাতকে প্রতিঘাতে ফিরিয়ে দিতে সকলের প্রতি সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, যে অবস্থা চলছে তা চলতে দেয়া যায় না। এর বিরুদ্ধে দেশবাসীকে আরো সচেতন হতে হবে।
সাম্প্রতিক পরিস্থিতিকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ আখ্যা দিয়ে তিনি বলেন, যেভাবে আন্দোলনের নামে পেট্রোলবোমায় মানুষ মারা হচ্ছে তা বাঙালির অস্তিত্বের ওপর আঘাত।
এ অবস্থা থেকে উত্তরণে সকলের সহযোগিতা কামনার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরো বলেন, ভাষা, সংস্কৃতি, সাহিত্যে বাঙালির যে নিজস্ব ইতিহাস তা সংরক্ষণ, প্রচারের ব্যবস্থা করতে হবে। বিশ্বের সকল মানুষের ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
এর আগে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনার শুরুতেই ১২টি ভাষায় ‘একুশে ফেব্রুয়ারি’ গানটি বাজানো হয়। অনুষ্ঠানে ‘ভাষা আন্দোলন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: নারীর প্রজ্ঞা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
পরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ইনস্টিটিউট থেকে ভাষা ও সাহিত্যে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের কথাও বলেন তিনি।