নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদেরকে এ প্রজন্মের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার ঘোষণাও দিয়েছে বিএনপি। রোববার বিবৃতিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।
বিবৃতিতে অভিযোগ করা হয়, সরকার রাজনৈতিক সঙ্কটকে বিদেশিদের কাছে জঙ্গিবাদের সমস্যা প্রমাণে ব্যর্থ হয়ে চূড়ান্ত পর্যায়ের হত্যাযজ্ঞে মেতে উঠেছে। আন্দোলন দমনের নামে ক্রসফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, সময়ের পট পরিবর্তন হলে এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ উপযুক্ত আদালতে বিচারের আওতায় আনা হবে।
এছাড়া ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রত্যাখ্যাত অবৈধ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র’ বলেও মন্তব্য করেন তিনি।
সরকার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূলের হাতিয়ারে পরিণত করা হয়েছে অভিযোগ করে বিবৃতিতে তিনি আরো বলেন, দেশের জনগণ এখন সরকারি শ্বেতসন্ত্রাসের করুণ শিকারে পরিণত হয়েছে। কিন্তু সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, গণতন্ত্র মুক্তির এই আন্দোলনে মানুষের ভোটের অধিকার, মৌলিক ও মানবাধিকার আদায়সহ জনগণের সকল ন্যায্য নাগরিক ও রাজনৈতিক অধিকার আদায়ের অপ্রতিরোধ্য গণআন্দোলন গণহত্যা, জুলুম-নির্যাতন ও গণগ্রেপ্তার করে স্তব্ধ করা যাবে না।
গণতন্ত্র মুক্তির দাবিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালনের জন্য ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।