বিএনপি নেতা সাদেক হোসেন খোকার সঙ্গে টেলি-কথোপকথন ফাঁসের পর আলোচনার মধ্যে মাহমুদুর রহমান মান্নার অন্তর্ধানে সরকারের হাত রয়েছে দাবি করে তাকে ফেরত দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।
অজ্ঞাত স্থানে থাকা বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমদের পাঠানো ওই বিবৃতিতে ভবিষ্যতে সরকারকে ‘এই জাতীয় ঘৃণ্য কর্মকাণ্ড’ থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়।
বিকেলে বিএনপির প্যাডে পাঠানো সালাহ উদ্দিনের বিবৃতিতে বলা হয়, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বরেণ্য নাগরিক, ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমানকে সাদা পোশাকধারী সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তুলে নিয়ে যাওয়ার পর পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়নি – এ মর্মে বক্তব্য প্রদান করায় আমরা বিস্মিত হয়েছি।
যে প্রক্রিয়ায় দেশের এই পর্যায়ের একজন নাগরিককে তুলে নেয়া হয়েছে তাতে রাষ্ট্রের কোনো নাগরিকের মৌলিক অধিকার, মানবাধিকার ও বেঁচে থাকার অধিকারের কোনো গ্যারান্টি অবশিষ্ট রইল না। আমরা অবিলম্বে মাহমুদুর রহমান মান্নাকে তার পরিবারের কাছে ফেরত প্রদান ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযখ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।
মানার খোকার ওই টেপ ফাঁস হওয়ার পর দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বনানী থানায় জিডি করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।
ওই অডিও টেপে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে কথোপকথনে মান্নাকে তার কর্মসূচিতে কর্মী সরবরাহ করতে পরামর্শ দিতে বলতে শোনা যায়। এছাড়া বিএনপির চলমান অবরোধ অব্যাহত রাখতেও পরামর্শ দেন তিনি।
এদিকে, আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, মান্না বিএনপির সঙ্গে যোগসাজশ করে অসাংবিধানিক শক্তিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছিলেন।
দুটি অডিও ক্লিপ ফাঁসের পর আলোচনার মধ্যে মঙ্গলবার ভোররাতে রাজধানীর বনানীতে ভাইয়ের বাসা থেকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে তুলে নেয়া হয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে।