পৃথিবীর কোনো দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আপোষ করেনি— আর শেখ হাসিনাও জঙ্গিবাদের সঙ্গে কোন ধরনের সংলাপ কিংবা আপোষ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউটে আয়োজিত আলোচনা সখায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না প্রসঙ্গে উল্লেখ করে তোফায়েল বলেন, কিছু লোক সংলাপের নামে বিএনপির গুপ্তচরের ভূমিকা পালন করেছেন।
আজ তা জাতির কাছে পরিষ্কার— উল্লেখ করে তিনি আরো বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে দরিদ্র জনগণ, ধর্মপ্রাণ মুসলমান ও নিরপরাধ শিক্ষার্থীদের বিরুদ্ধে লড়াই করছেন, আর এ লড়াই তিনি পরাজিত হবেন।
এদিকে, রাজধানীতে অপর এক অনুষ্ঠানে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এবং গণঅভ্যুত্থান ছাড়াই সরকারের পতন ঘটানোর মতো ক্ষমতা বিএনপির নেই।
মন্ত্রী বলেন, বিএনপি জনগণকে সম্পৃক্ত করতে না পেরে চোরাগুপ্তা হামলা চালাচ্ছে। ভূমি অফিসে হামলা চালানোয় তীব্র নিন্দা জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, গ্রেপ্তারি পরোয়ানা হলে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়া উচিত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় দলের সভাপতিমন্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ছাড়া সরকারের পরিবর্তন হবে না।
এদিকে, সিলেটে রোটারী ক্লাবের কনভেনশন শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, দেশের অর্থনীতিকে ভেঙে দেয়ার জন্য ধ্বংসাত্মক রাজনীতি করছেন খালেদা জিয়া।