চলমান অবরোধের পাশাপাশি হরতাল কর্মসূচি বর্ধিত করে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ দেশের সকল গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ। সংবিধান স্বীকৃত সকল মৌলিক ও মানবাধিকার রক্ষা, ভোটের অধিকার, প্রকৃত জনপ্রতিনিধিত্বশীল সংসদ ও সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই চলমান শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। বিনা ভোটের অবৈধ লুটেরা সরকারকে হটানোর কোনো বিকল্প জনগণের সামনে খোলা নেই।
পুলিশী নির্যাতন ও নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থার কল্যানে দমন-পীড়ণই এখন পতনোন্মুখ সরকারের একমাত্র অবলম্বন। কতিপয় দলকানা গণমাধ্যমের অপপ্রচার ও ১৪ দলীয় আওয়ামী গলাবাজী শেষ বিচারে ক্ষমতায় টিকে থাকার নিঃস্ফল ব্যাকুলতায় পর্যবসিত হবে শীঘ্রই।
আরো বলা হয়, সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক বিরোধীদলীয় নেতাকর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেপ্তারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পূণঃরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অঙ্গীকার অনুযায়ী ২০ দলীয় জোটের উদ্যোগে চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি পূনরায় বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা দেশব্যাপী শান্তিপূর্ণ চলমান সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করা হল।
এছাড়া একই দাবিতে আগামী ০৫ মার্চ ২০১৫, বৃহস্পতিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে চলমান অবরোধ-হরতাল কর্মসূচির পাশাপাশি আগামী বৃহস্পতিবার দেশব্যাপী অনুষ্ঠিতব্য গণমিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে উদ্বাত্ত আহ্বানও জানানো হয়।