প্রায় দুই মাস ধরে চলা অবরোধ-হরতালে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষিপ্তভাবে সহিংসতা চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা কর্মীরা।
এদিকে, হরতাল অবরোধ চলার পরও সারাদেশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাজধানীতে চলছে আগেই মতোই যান।
গতকাল রাতে রাজধানীতে বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে গাড়িতে পেট্রোল বোমা হামলায় কমপক্ষে ১৮ জন দগ্ধ হয়েছেন।
এরমধ্যে কিশোরগঞ্জের ভৈরব-কিশোরগঞ্জ সড়কের সুলতানপুরে বাসে পেট্রোলবোমা হামলায় দগ্ধ হন ১৫ জন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, বুধবার রাত ১১টার দিকে সিলেটগামী শাহজালাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে এর ১৫ যাত্রী দগ্ধ হন।
তাদের মধ্যে ১০ জনকে কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
তবে তাৎক্ষেণিকভাবে দগ্ধদের পরিচয় জানা যায়নি।
প্রায় একই সময়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নিমতলাকাঁঠাল এলাকায় আলুবোঝাই ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন এর চালক ও সহকারীসহ তিন জন।
গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, রাত ১১টা ১০ মিনিটের দিকে ৮/১০ জন দুর্বৃত্ত ওই ট্রাক পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে সামনে থাকা চালক, তার সহকারী ও আলুর মালিক দগ্ধ হন।
দগ্ধরা হলেন, চালক ফিরোজ (৩৫), সহকারী সেলিম (৩৫), আলুর মালিক সাহেব আলী (৩৬)।
তাদের সবার বাড়ি শিবগঞ্জ উপজেলার জালমাতমারি গ্রামে।
ওসি জানান, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দগ্ধদের মধ্যে আলুর মালিক ও চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
বিএনপি সমর্থিত ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের গোলড়া এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোলবোমা হামলা চালিয়েছে সমর্থনকারীরা। এতে চালকসহ ৩ জন দগ্ধ হয়। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে, লালমনিরহাটের পাটগ্রামের বাউড়া এলাকায় একটি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ সময় ৪ জনকে আটক করে পুলিশ।
রাতে চট্টগ্রামের হাটহাজারীর চারিয়া বুড়িপুকুর পাড়ে সিএনজি চালিত অটোরিক্সায় অবরোধকারিরা পেট্রোলবোমা হামলা চালালে চালকসহ ২ জন দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত হাটহাজারীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামাত-শিবিরের ১৬ কর্মীকে আটক করে পুলিশ।