বান্দরবান আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার সফরের প্রতিবাদে বুধবার জাগো পার্বত্যবাসির ডাকা ৭২ ঘণ্টার হরতালের প্রথম দিনে শহরে বিভিন্ন সহিংস ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সন্তু লারমার বান্দরবান আগমনের প্রতিবাদে হরতাল সমর্থকরা সকালে শহরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করে। তারা বান্দরবান-চন্দ্রঘোনা সড়কের একটি বেইলি ব্রীজের পাটাতনও খুলে ফেলে।
বেলা ১২টার দিকে সন্তু লারমা শহরের বালাঘাট বাজার সড়ক দিয়ে যাবার সময় পেছনের দিকের একটি গাড়ি থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাঙালিদের লক্ষ্য করে জেএসএস কর্মীরা গুলতি নিক্ষেপ করে। এতে ক্ষুব্ধ হয়ে তারাও গাড়িটি আটকে ফেলে।
এ সময় সন্তু লারমা সমর্থিত জেএসএস কর্মীরা বাঙালিদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০ জেএসএস কর্মী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে।