বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাখ্যান করে তাকে নির্লজ্জ মিথ্যাচার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
শুক্রবার খালেদা জিয়ার বক্তব্যে পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে তিনি এ কথা বলেন।
বিএনপিনেত্রীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে হানিফ বলেন, দেশে কোনো রাজনৈতিক কিংবা সাংবিধানিক সঙ্কট নেই। ২০ দলের আন্দোলনে জনগণের সায় নেই বলেই প্রতিশোধ হিসেবে তাদেরকে পেট্রোলবোমায় পুড়িয়ে হত্যা করা হচ্ছে।
তিনি বলেন, ‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। এখন দেশে যা হচ্ছে তা কোনো রাজনৈতিক সংকট নয়, কিছু সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। বেগম জিয়া গত ৬৭ দিন যে নাশকতা চালিয়েছেন, এর দায়ভার তিনি কোনোভাবেই এড়াতে পারেন না।’
খুনি ও সন্ত্রাসীদের সঙ্গে সংলাপের সম্ভাবনা আবারো নাকচ করে দেন হানিফ।