বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার সকালে দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় সৈয়দ আশরাফ বলেন, রক্তাক্ত বাংলাদেশে কিসের আলোচনা, এখন সময় বাংলার মাঠ থেকে সন্ত্রাসীদের বিতাড়িত করা।
পৃথিবীর কোনো রাষ্ট্র সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করেনি—এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, খুনি-সন্ত্রাসীদের সঙ্গে আলোচনার সুযোগ নেই। মানুষ, পুলিশ, নারী, শিশু, দিনমজুর পুড়িয়ে মারা বন্ধ করলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে আর সে পরিবেশেই একমাত্র আলোচনা সম্ভব।'
সৈয়দ আশরাফ এ সময় খালেদা জিয়ার উদ্দেশ্য করে বলেন, আগে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবরোধ প্রত্যাহার করুন। বাংলাদেশের মানুষের জন্য স্বাভাবিক জীবনযাত্রার পরিবেশ তৈরি করুন। যেভাবে আপনি চান সেভাবে সম্ভব হবে না। সারাদেশকে জিম্মি করে, একটি নির্বাচিত সরকারকে জিম্মি করে আপনি আপনার দাবি আদায় করবেন তা বাংলার মাটিতে সম্ভব নয়।
আওয়ামী লীগের এ নেতা বলেন, অতীতে এ দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। এবারও সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। খালেদা জিয়া যদি নির্বাচনে আসেন, আর যদি নাও আসেন নির্বাচন হবে।
তিনি বলেন, 'মানুষ হত্যা করা গণতান্ত্রিক আন্দোলন নয়— বিএনপি-জামাত এ দেশে আইএস এর মতো পরিবেশ সৃষ্টি করতে চায়।'
খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পরপরই শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান।
শনিবার সকালে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের পক্ষ থেকে খালেদা জিয়ার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান সৈয়দ আশরাফুল ইসলাম।