বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের চলমান হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ দলের তরফে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এ হরতাল বাড়ানোর ঘোষণা দেন।
পূর্ব ঘোষিত হরতাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। এ পরিপ্রেক্ষিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতিও আহ্বান করা হয়।
এছাড়াও হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ-মিছিল হবে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
পাশাপাশি হরতাল শেষে শুক্রবার সারাদেশে সালাহউদ্দিন আহমেদের জন্য সকল মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান বরকত উল্লাহ বুলু।