ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে বলেও আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। শুক্রবার সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নেতাকর্মীদের দলের সর্মথিত প্রার্থীদের পক্ষে শৃঙ্খলা মেনে কাজ করতে হবে।
এছাড়া সন্ত্রাস নাশকতার পথ ছেড়ে বিএনপি অতীতের স্থানীয় সরকার নির্বাচনের মতো এ ৩টি সিটি নির্বাচনেরও অংশ নেবে বলে আশা প্রকাশ করেন নানক।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (শুক্রবার)। এ উপলক্ষ্যে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
পরে দোয়া পাঠ করেন নেতারা। এরপরই একে একে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠন।