সারাদেশে টানা অবরোধে আবারো রোববার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দল। শনিবার গণমাধ্যমে দেয়া বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতাকর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেপ্তার বন্ধের দাবিতে এ হরতাল কর্মসূচি দেয়া হয়েছে। এ সঙ্গে চলমান লাগাতার অবরোধও অব্যাহত থাকবে।
বিবৃতিতে দাবি করা হয়, বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ১১ দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও তাকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করা হয়নি। গ্রেপ্তারের কথা স্বীকারও করছে না সরকার। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারের বেলায়ও একই ঘটনা ঘটেছে।
আরো বলা হয়, সারাদেশে প্রতিদিনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০ দলীয় জোট ও অন্যান্য বিরোধীদলের নেতাকর্মী ও সমর্থকদের গ্রেপ্তার ও অপহরণ করা হচ্ছে, অনেককে গুম করা হচ্ছে। আটক অবস্থায়া কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে।
এ পরিস্থিতিতে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই বলেও জানানো হয় বিবৃতিতে।