ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণার এক দিন পর জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টার পদ হারিয়েছেন ববি হাজ্জাজ।
রোববার দলের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে ববি হাজ্জাজকে ওই পদ থেকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়।
তবে ববিকে অব্যাহতি দেয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ‘বিশেষ উপদেষ্টা জাতীয় পার্টির কোনো সাংগঠনিক বা গঠনতান্ত্রিক পদ নয় বিধায় পার্টি চেয়ারম্যান তার নিজ এখতিয়ারে তাকে (ববি হাজ্জাজ) অব্যাহতি প্রদান করেছেন।’ বিবৃতিতে সই করেন এরশাদের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।
বিবৃতিতে বলা হয়, ববি হাজ্জাজকে জাতীয় পার্টির চেয়ারম্যান শুধু বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছিলেন। এ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি প্রদান করায় জাতীয় পার্টির সঙ্গে তার আর কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকবে না বলে পার্টি চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন।
গতকাল শনিবার দলের নেতা-কর্মীদের উপস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে নিজেকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন এইচ এম এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ। তবে এরশাদ ৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী হিসেবে বাহাউদ্দিন আহমেদ বাবুলের নাম ঘোষণা করেছিলেন। ‘পিতার সমতুল্য’ এরশাদের সিদ্ধান্ত স্পষ্টতই অমান্য করে প্রার্থী হন ববি।