আসন্ন ৩ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তবে দলটির নেতারা দাবি করছেন এখনো সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।
প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।
রোববার জাতীয় প্রেসক্লাবে ভিন্ন ভিন্ন আলোচনায় নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি অংশ নেয়ার পর যদি সরকারি দল নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা করে তবে তার পরিণতি ভাল হবে না।
অন্যদিকে, চলমান অবরোধের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে আওতামুক্ত রেখে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩ সিটি করপোরেশনে এরইমধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনী ডামাডোল। বিএনপির অনেক নেতাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। যদিও দলের পক্ষ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
তবে দলের নেতাদের কথায় স্পষ্ট হচ্ছে যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনের এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন কথা বলেন, সিটি নির্বাচনের উদ্যোগ নিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলতে গিয়ে সরকার নিজেই ফাঁদে পা দিয়েছে।
বিএনপি নেতারা রাজপথে থাকার কথা বললেও বিভিন্ন অভিযোগে ডাকা রোববারের বিক্ষোভ মিছিলে বরাবরের মতোই ঢাকায় কোনো নেতা-কর্মীর তৎপরতা চোখে পড়েনি। তবে ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে।
বিক্ষোভ মিছিলে রাজপথে না নামলেও বিএনপির অনেক নেতাকেই বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় যোগ দিয়ে সরকারের সমালোচনা করেন।
অন্যদিকে, অবরোধ অব্যাহত রেখে স্বাধীনতা দিবস উপলক্ষে হরতাল তুলে নেয়া হলেও অবরোধের পাশাপাশি সোমবার ভোর ৬ টা থেকে বুধবার ভোর ৬ টা পর্যন্ত আবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট।
তবে, সিটি করপোরেশন নির্বাচনের জন্য ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেয়া হয়েছে।