ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাস, আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন ও নাসির উদ্দিন পিন্টুর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। এখনো দল থেকে কাকে সমর্থন দেয়া হবে তার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি।
রোববার মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের পক্ষে মনোনয়নপত্র জমা দেন তার আইনজীবী ও যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম।
বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও মহানগরের সাবেক সদস্য সচিব সালামের পক্ষে তার স্ত্রী ফাতেমা সালাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুর পক্ষে তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনা ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন নিজেই মনোনয়নপত্র জমা দেন।
গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করলেও উপজেলার নির্বাচনে বিএনপি নেতাদের অংশগ্রহণের কথা মনে করিয়ে দিলে যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সালাম বলেন, সেটা ছিল চর দখলের নির্বাচন। সে ধরনের নির্বাচন হলেও তো অংশ নেয়া সম্ভব না।
শেষ পর্যন্ত দল সমর্থন না দিলে মির্জা আব্বাসও নির্বাচন করবেন না বলে জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাসের আরেক আইনজীবী একেএম শাজাহান বলেন, মির্জা আব্বাস পলাতক নয়। তার বিরুদ্ধে অনেক রাজনৈতিক মামলা আছে, কিন্তু এ অবস্থায় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই।
এখন পর্যন্ত নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি—এ কথা উল্লেখ করে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেন, ভোটের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত।