আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রধানমন্ত্রী যে প্রার্থীকে চূড়ান্ত সমর্থন দেবেন তার পক্ষেই ১৪ দল মাঠে কাজ করবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত বৈঠক তিনি এ কথা বলেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান সহিংসতার পরিমাণ কমলেও চক্রান্ত এখনও অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন নাসিম।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের প্রার্থী জয়ী হোক এ উদ্দ্যেশেই প্রচারণা চালাবে ১৪ দল।
বৈঠকে বিএনপি-জামাতের চলমান সহিংসতার বিরুদ্ধে আগামী ১ ও ৪ এপ্রিল গাইবান্ধা ও সাতক্ষীরায় জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়।
নির্বাচনে কোনো সন্ত্রাসীর পক্ষে সবার জন্য সমান সুযোগের বিষয়টি থাকবে না বলে জানান ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এ সময় ১৪ দলের পক্ষ থেকে নিহত অনলাইন লেখক ওয়াশিকুর রহমানের খুনিদের বিচারের দাবি জানানো হয়।