অবরোধের মধ্যে আবারো দেশব্যাপী ২৪ ঘণ্টা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল কর্মসূচি চলবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এ হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুমকৃত নেতাকর্মীদের অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দেয়া, জোটের কারান্তরীণ শীর্ষ নেতারাসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের মুক্তি এবং গণগ্রেপ্তারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এ কর্মসূচি ডাকা হয়েছে।
এতে বলা হয়েছে, চলমান অবরোধের পাশাপাশি আগামী ২ এপ্রিল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালিত হবে। তবে সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে কেবলমাত্র ঢাকা ও চট্টগ্রাম মহানগরী আগামী বৃহস্পতিবার ঘোষিত হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে।
এছাড়া একই দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আগামীকাল ১ এপ্রিল বুধবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।