পর্যাপ্ত নিরাপত্তা পেলে দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রোববার আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, এর আগে খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে গেলে তার গাড়ি বহরে হামলা করা হয়েছিল, তাই পর্যাপ্ত নিরাপত্তা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতে।
গত ৫ মার্চ এই দুই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখে মামলা দুটির পরবর্তী শুনানি ৫ এপ্রিল ধার্য করে আদালত। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।