নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশনের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র প্রার্থী সাঈদ খোকন ও সাইফুদ্দীন মিলন।
রোববার বিকেলে রাজধানীর গুলিস্তান মহানগর কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরশেন রির্টানিং কার্যালয়ে হাজির হয়ে তারা এ জবাব দেন। দুই প্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ না পেলেও প্রচারণার ক্ষেত্রে তাদের আচরণবিধি মানার পরামর্শ দিয়েছেন রির্টার্নিং কর্মকর্তা মিহিরি সারোয়ার।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন শুক্রবার রাজধানীর চকবাজার শাহী মসজিদে জুমআর নামাজের আগে ও পরে প্রচারণার অংশ নিয়েছেন এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী সাইফুদ্দীন মিলন পোস্টার লাগিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করেছেন। এমন অভিযোগ এনে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রির্টার্নিং কর্মকতা।
নোটিশের জবাব দিতে বিকেলে রির্টার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে নোটিশের জবাব দেন দুই প্রার্থী। পরে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিজে হাজির হয়ে নোটিশের জবাব দিয়েছেন।
তিনি দাবি করেন, ধর্মীয় রীতি মোতাবেক তিনি মুসল্লিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেছেন।
আর জাতীয় পার্টির প্রার্থী বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার আগেই তার সমর্থকরা ভুলে পোস্টার লাগিয়েছেন। নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী তিনি তা সরিয়ে ফেলবেন।
এ বিষয়ে রির্টার্নিং কর্মকর্তা বলেন, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জবাব অনুযায়ী দেখা গেছে তিনি আচরণ বিধি লঙ্ঘন করেন নি। তবে পোস্টার সরিয়ে ফেলার জন্য জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীকে ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে।