সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের কমপক্ষে এক সপ্তাহ আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি সমর্থিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’ এর আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
নির্বাচনের দিন কারচুপি ঠেকাতে ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রহসনের চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে।
এমাজউদ্দিন আহমেদ বলেন, চলমান আন্দোলন এবং রাজনৈতিক প্রেক্ষাপটে ৩ সিটি করপোরেশন নির্বাচনে বিজয় অর্জন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ।
মিছিল ও সমাবেশ গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশের পূর্বশর্ত দাবি করে সব দলের জন্য তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান তিনি।
অপর এক অনুষ্ঠানে সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহনের মধ্য দিয়ে দলের আন্দোলন আরো জোরদার হবে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন।
এ সময় নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করতে দলের নেতাকর্মীসহ পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।