ঢাকাসহ ৩ সিটি করপোরেশন নির্বাচনে বিজয় অর্জনই সরকারের পতন ত্বরান্বিত করবে এমন মন্তব্য করেছেন বিএনপি সমর্থিত "আদর্শ ঢাকা আন্দোলন"-এর আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
রোববার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ মনোভাব ব্যক্ত করেন।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণেরর মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারণায় তার নেতা-কর্মীরা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।
সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং দলের যেসব নেতা-কর্মীর নামে মামলা আছে তাদের জামিনে মুক্তি দাবি করে আসছে বিএনপি।
জাতীয় প্রেসক্লাবে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন-ড্যাব আয়োজিত সমাবেশে বিএনপি সমর্থিত "আদর্শ ঢাকা আন্দোলন"-এর আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ দাবি করেন, দেশে এখনো অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে ও নিশ্চিত হয়নি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ।
চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৩ সিটি নির্বাচনে বিজয় অর্জন ছাড়া বিএনপির কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের অন্যতম এ পরামর্শক।
সমাবেশে ঢাকা দক্ষিণে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী প্রচার-প্রচারণার ক্ষেত্রে নেতা-কর্মীরা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন এমন অভিযোগ তোলেন।
পাশাপাশি, যেসব নেতা-কর্মীর নামে মামলা রয়েছে তাদের জামিনে মুক্তি দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ করে দেয়ার দাবিও জানান তিনি।