হরতাল-অবরোধ কর্মসূচীর নামে বিএনপি ৩ মাসে দেশব্যাপী যে নাশকতা চালিয়েছে, তার বিচার জনগণ ব্যালটের মাধ্যমে করবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশব্যাপী সহিংসতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জনগণের কাছে কৈফিয়ত দিতে হবে।
বিএনপি সরকার থাকাকালীন সময়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেয়া হয়নি অভিযোগ করে তোফায়েল বলেন, আসছে ৩ সিটি করপোরেশন নির্বাচনে সব রাজনৈতিক দলকেই সমান সুযোগ দেয়া হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে— এমন আশা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী তারেক জিয়ার বিরুদ্ধে ইন্টারপোলের রেড এলার্ট সর্ম্পকে বলেন, তারেক জিয়া অবৈধভাবে লন্ডনে বসবাস করছেন। তাকে বিপজ্জনক ভেবেই ইন্টারপোল এ সতর্কতা জারি করেছে। এ নিয়ে সরকারকে কোনো দোষারোপ করার সুযোগ নেই বলেও জানান তিনি।
এর আগে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার তার সঙ্গে দেখা করেন।