সিটি নির্বাচনকে জালিয়াতি, তামাশার ও কলঙ্কজনক উল্লেখ করে নির্বাচন বাতিল ও কমিশনের পদত্যাগ দাবি করেছে বিএনপি সমর্থিত "আদর্শ ঢাকা আন্দোলন"।
বুধবার জাতীয় প্রেসক্লাবে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে গণতন্ত্র রক্ষায় জনগণকে রুখে দাঁড়ানোরও আহ্বান জানায় সংগঠনটির নেতারা।
এছাড়া বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয় বলেও দাবি করেছে সংগঠনটি।
দলীয় নির্বাচন না হওয়ায় "আদর্শ ঢাকা আন্দোলনের" ব্যানারে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপি সমর্থিত প্রার্থীরা। তবে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ শুরুর চার ঘণ্টার মাথায় নির্বাচন বয়কট করে বিএনপি।
পরদিন জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনে প্রহসন হয়েছে বলে দাবি করে আদর্শ ঢাকা আন্দোলন। সদস্য সচিব লিখিত বক্তব্যে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ করেন।
এর আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ সিটি নির্বাচনকে ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে তুলনা করে তা বাতিল এবং কমিশনের পদত্যাগ দাবি করেন।
তিনি বলেন, ‘এ নির্বাচন নির্বাচন হয়নি। এ নির্বাচন কমিশন দিয়ে ছোটখাট নির্বাচনও করা সম্ভব না, উচিত না এবং তাহলে অন্যায় হবে—ন্যায়ের বদলে অন্যায় প্রতিষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যেম গণতন্ত্রের স্বার্থে , জাতীয় স্বার্থে, জনস্বার্থে তাদের পদত্যাগ চাচ্ছি।’
এ নিবার্চনে অনিয়মের মধ্য দিয়ে সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে বলেও দাবি করেন তারা।
"আদর্শ ঢাকা আন্দোলনের" আরেক নেতা শওকত মাহমুদ বলেন, ‘প্রকাশ্যে ভোট ডাকাতিতে আমরা বিষ্মিত গোটা জাতি হতভম্ভ, আমরা উৎণ্ঠিত।’