বিএনপি-জামাতের আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা, নাশকতা আর সহিংসতার জবাব নগরবাসী ব্যালটের মাধ্যমে দিয়েছে বলে মন্তব্য করেছেন নব নির্বাচীত ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। শুক্রবার আজিমপুরে বাবার কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নগর উন্নয়নে বাবার আদর্শে রাজনীতির পথ চলতে চাই।
কঠিন পথ পাড়ি দিয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে কোন প্রতিবন্ধকতার কাছে হার মানবেন না বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র।
তিনি আরো বলেন, দল ও মতামতের ঊর্ধ্বে থেকে সকলকে কাজ করতে চাই নগর উন্নয়নে। বিএনপি-জামাতের সহিংসতার জবাব মানুষ ব্যালটে দিয়েছে।
এর আগে নাজিরা বাজারে এলাকাবাসীর সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন সাঈদ খোকন। পরে মোহাম্মদ হানিফের কবরে যান ঢাকা দক্ষিণের নব নির্বাচিত মেয়র সাঈদ খোকন। এ সময় বেশ কিছুটা সময় বাবার কবরের সামনে থাকেন তিনি।