বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও হত্যা মামলায় অভিযোগপত্র দেয়ার ঘটনাকে হয়রানি ও ষড়যন্ত্রমূলক বলে মনে করছে বিএনপি।
দলটির নেতারা বলছেন, দল ও চেয়ারপারসনের ভাবমুর্তি ক্ষুণ্ণ করতেই ভিত্তিহীন এ অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপি সমঝোতা চাইলেও সরকার সংঘাতের পথে চলছে বলেও অভিযোগ তাদের।
২০ দলীয় জোটের অবরোধের মধ্যে ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়িতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামি করে ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে আলাদা দুইটি অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।
দলের চেয়ারপারসনের নামে হত্যা মামলায় অভিযোগ আনার ঘটনাকে ষড়যন্ত্রমূলক বলে মনে করছেন বিএনপি নেতারা।
সরকারকে প্রতিহিংসার পথ ছেড়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তারা বলেন, মামলা ও নির্যাতন চালিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।